রেকর্ড ছোঁয়ার পর হঠাৎ ধস
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?
টানা ঊর্ধ্বগতির পর হঠাৎ বড় ধাক্কা খেল দেশের স্বর্ণবাজার। মাত্র দুই দিনের ব্যবধানে ভরিপ্রতি সোনার দাম কমেছে ৩০ হাজার টাকারও বেশি।
সর্বশেষ দফায় দেশের সোনার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রতি ভরিতে সর্বোচ্চ ১৫ হাজার ৭৪৬ টাকা পর্যন্ত দাম কমানোর ঘোষণা দিয়েছে। এতে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম নেমে দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকায়।
শনিবার (৩১ জানুয়ারি) বাজুস প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতনের প্রভাবেই স্থানীয় বাজারে এই সমন্বয় আনা হয়েছে। নতুন নির্ধারিত দাম শনিবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।
বাজুসের তথ্যমতে, তেজাবি বা পিওর গোল্ডের মূল্য কমে যাওয়ায় দেশের বাজারে সোনার দাম হ্রাস পেয়েছে। তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, মূল চালিকা শক্তি ছিল বৈশ্বিক বাজারে স্বর্ণের আকস্মিক দরপতন।
আন্তর্জাতিক স্বর্ণ ও রুপার দামের তথ্যভিত্তিক ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি জানায়, শনিবার সকালে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে আসে ৪ হাজার ৮৯০ ডলারে। অথচ আগের দিন এই দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং তার আগের দিন বৃহস্পতিবার তা ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছিল।
নতুন দর অনুযায়ী দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা, ২১ ক্যারেটের সোনা ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেটের সোনা ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হচ্ছে ভরিপ্রতি ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকায়।
সোনার সঙ্গে সঙ্গে রুপার দামেও এসেছে সংশোধন। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ৭ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৪৩২ টাকায় বিক্রি হচ্ছে।
উল্লেখ্য, গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দামে দ্রুত উত্থানের কারণে দেশের বাজারেও একের পর এক রেকর্ড গড়ে। বৃহস্পতিবার এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে বাজুস ভালো মানের সোনার দাম নির্ধারণ করে ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে ২৪ ঘণ্টার মধ্যেই দাম কমানোর সিদ্ধান্তে আসে সংগঠনটি।






আপনার মতামত লিখুন