খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের সহস্রাধিক মানুষের বিএনপিতে যোগদান
খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তি ও তৃণমূল পর্যায়ের বিপুলসংখ্যক মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন। এই যোগদান পার্বত্য জেলার মূলধারার রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়ার হাতে ধানের শীষের প্রতীক গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।
নতুন সদস্যদের স্বাগত জানিয়ে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থানবিষয়ক সহসম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া বলেন, বিএনপির প্রতি যে বিশ্বাস ও আস্থা আপনারা রেখেছেন, আমি তা রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করব। একজন রাজনৈতিক কর্মী নয়, একজন মানুষ হিসেবেও সবসময় আপনাদের পাশে থাকব।
সাবেক ইউপি সদস্য ও মানবিক কল্যাণ সংঘের কেন্দ্রীয় সভাপতি শান্তিময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু এবং জেলা মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
চাকমা সম্প্রদায়ের বিশিষ্টজন ও সহস্রাধিক সাধারণ মানুষের এই যোগদান আসন্ন নির্বাচনে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।






আপনার মতামত লিখুন