৭৯ বছরে পা রাখলেন মির্জা ফখরুল
সাবেক মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ তার ৭৯তম জন্মদিন উদযাপন করছেন। জীবনের আরেকটি বছর পেরিয়ে নতুন বছরে পা রাখার এই দিনে তিনি একটি গণতান্ত্রিক ও নতুন বাংলাদেশের স্বপ্নের কথা তুলে ধরেছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু চড়াই-উতরাই পেরোনো এই প্রবীণ নেতা ব্যক্তিগত জীবনেও ত্যাগ ও সংগ্রামের প্রতীক। তার পরিবারসূত্রে জানা যায়, তিনি দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থেকে রাজনীতিতে সক্রিয় ছিলেন সাধারণ মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে।
মির্জা ফখরুলের দুই কন্যা রয়েছেন। বড় মেয়ে শামারুহ মির্জা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শেষে অস্ট্রেলিয়ায় পোস্ট-ডক্টরাল ফেলো হিসেবে কাজ করছেন। বর্তমানে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনে বাবার পক্ষে ধানের শীষ প্রতীকে গণসংযোগে অংশ নিচ্ছেন। ছোট মেয়ে সাফারুহ মির্জা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে রাজধানীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন।
জন্মদিন উপলক্ষে রোববার (২৫ জানুয়ারি) রাতে শামারুহ মির্জা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাবাকে নিয়ে আবেগঘন একটি লেখা প্রকাশ করেন। সেখানে তিনি উল্লেখ করেন, ছোটবেলায় বাবাকে কাছে না পেয়েও কখনো তাকে হতাশ হতে দেখেননি। পরিবার ও ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের চেয়ে সাধারণ মানুষের কল্যাণকেই তিনি সবসময় অগ্রাধিকার দিয়েছেন।
তিনি লেখেন, একাধিকবার কারাবরণ, রাজনৈতিক হামলা, চরিত্রহননের চেষ্টা ও শারীরিক অসুস্থতার মধ্যেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিশোধের রাজনীতিতে যাননি। বরং আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতেই তিনি অবিচল থেকেছেন।
শামারুহ মির্জার ভাষায়, তার বাবা যৌবন থেকে বার্ধক্য—সবটুকুই উৎসর্গ করেছেন বাংলাদেশের সাধারণ মানুষের জন্য এবং শেষ বয়সেও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে দৃঢ় অবস্থানে রয়েছেন।






আপনার মতামত লিখুন