ঝিকরগাছায় জামায়াতের নারী নেত্রীদের ওপর যুবদলের হামলার অভিযোগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের ঝিকরগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কীর্তিপুর গ্রামে নির্বাচনী প্রচারনার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী নেত্রীদের ওপর বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন নারী কর্মী আহত হয়েছেন। হামলায় মোবাইল ফোন ভাঙচুর ও ব্যক্তিগত মালামাল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে ভোট চাইতে যান জামায়াতে ইসলামীর উপজেলা পর্যায়ের নারী নেত্রীদের একটি দল। অভিযোগ অনুযায়ী, এ সময় উপজেলা যুবদলের সাধারন সম্পাদক আরাফাত রহমান কল্লোলের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল অতর্কিতভাবে হামলা চালায়।
হামলায় জামায়াতের নারী কর্মী জোসনা ও কামরুন্নাহার আহত হন। ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা জোসনার একটি মোবাইল ফোন ভাঙচুর করে নিয়ে যায় এবং কামরুন্নাহারের কাছে থাকা একটি ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। আহত দু’জন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে উপজেলা জামায়াতের নারী নেত্রী মিসেস শিখা অভিযোগ করে বলেন, পৌরসভার একটি ওয়ার্ডে তাদের নারী কর্মীরা শান্তিপূর্ণভাবে ভোট চাইছিলেন। এ সময় যুবদল নেতা আরাফাত রহমান কল্লোলের নেতৃত্বে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে নারী কর্মীদের মারধর করা হয়।
ঘটনার প্রতিবাদে রোববার সন্ধ্যা ৬টায় যশোর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নেতারা এ ঘটনাকে পরিকল্পিত হামলা উল্লেখ করে তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন- আরাফাত রহমান কল্লোল, পিতা: আবুল হোসেন, আশিকুজ্জামান টিটো, পিতা: রওশন আলী বিশ্বাস, আহনাফ, পিতা: আরমান হোসেন কাকন, ইনামুল রাজীব সবুজ পিতা: মুনতাজ, সাফুয়ান, পিতা: আবুল খায়ের ও সেতু, পিতা: তফিজুর, অভিযুক্তরা সবাই কৃর্তিপুর এলাকার বাসিন্দা বলে জানা যায়। এ ছাড়া নাম না জানা আরও ১০–১৫ জন হামলায় জড়িত ছিল বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ঝিকরগাছা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম যানান খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, পরে এ বিষয়ে ভিকটিমদের উপস্থিথিতে যশোর প্রেসক্লাবে যশোর -২(চৌগাছা -ঝিকরগাছা) আসনের সাংসদ সদস্য প্রার্থী ডা:মসলেহ উদ্দিন ফরিদ।
এদিকে এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মো. নওয়াজীস ইসলাম রিয়েল এক প্রতিক্রিয়ায় বলেন, যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নির জনপ্রিয়তায় ভীত হয়ে নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোলের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়াচ্ছে। তিনি এ ধরনের হীন গুজব প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।






আপনার মতামত লিখুন