ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগ ‘রাজনৈতিক অপপ্রচার’: মাহদী আমিন
ভারতের সঙ্গে বিএনপির কোনো ধরনের গোপন বা প্রকাশ্য চুক্তি হয়েছে—এমন প্রচারণাকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি দাবি করেন, এ ধরনের বক্তব্য রাজনৈতিক অপকৌশল এবং জামায়াতের পরিকল্পিত অপপ্রচার।
শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মাহদী আমিন বলেন, ভারতের সঙ্গে বিএনপির কোনো চুক্তি হয়েছে—এমন দাবির পেছনে কোনো বাস্তব প্রমাণ নেই। ইচ্ছাকৃতভাবে বিতর্ক তৈরির জন্য এ ধরনের কথা ছড়ানো হচ্ছে। কেউ যদি ভুল তথ্যের ভিত্তিতে এমন মন্তব্য করে থাকেন, তাহলে সেটি তাদের অজ্ঞতা; আর সচেতনভাবে করলে তা স্পষ্ট রাজনৈতিক অপপ্রচার।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা মানে ইতিবাচক ও দায়িত্বশীল রাজনীতি। এখানে মিথ্যা তথ্য, কুৎসা কিংবা অপরাজনীতির কোনো স্থান নেই। বিএনপির রাজনীতির মূল দর্শন হলো বাংলাদেশকেন্দ্রিক রাজনীতি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতির মূলমন্ত্র— ‘সবার আগে বাংলাদেশ’। দেশের সার্বভৌমত্ব, জনগণের অধিকার ও জাতীয় স্বার্থকে কেন্দ্র করেই বিএনপি রাজনীতি করে।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, যারা বিতর্ক উসকে দিচ্ছে বা ভুল তথ্য ছড়াচ্ছে, তাদের উদ্দেশ্য রাজনৈতিকভাবে ফায়দা হাসিল করা। পাশাপাশি তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের নামে কোনো ধরনের প্রতারণার চেষ্টা হলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান।
এ সময় মাহদী আমিন জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার রাতে চট্টগ্রামে পৌঁছাবেন। আগামী ২৫ জানুয়ারি তিনি শিক্ষার্থী ও তরুণদের সঙ্গে পলিসি টকে অংশ নেবেন এবং চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।






আপনার মতামত লিখুন