দিরাইয়ে সেনাবাহিনীর যৌথ অভিযানে উপজেলা ছাত্রলীগ নেতা উজ্জল আটক অস্ত্র ও গুলি উদ্ধার
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জের দিরাই উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়াকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় দিরাই উপজেলার একটি নির্ধারিত এলাকায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তাকে চিহ্নিত সন্ত্রাসী হিসেবে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অভিযানকালে উজ্জ্বল মিয়ার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, পিস্তলের আট রাউন্ড গুলি, একাধিক পাসপোর্ট এবং কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। পাশাপাশি যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য নিকটস্থ সেনাক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র সেনাবাহিনী থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে পরে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে বলে জানান তিনি।






আপনার মতামত লিখুন