ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি: দিল্লিকে পররাষ্ট্র উপদেষ্টার বার্তা
ভারতের মাটিতে অবস্থান করে শেখ হাসিনার কোনো ধরনের রাজনৈতিক বিবৃতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রত্যাশা করে না—এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ বিষয়ে তিনি ভারত সরকারকে পুনরায় স্পষ্ট বার্তা দিয়েছেন।
বিবিসি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান প্রেক্ষাপটে ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেওয়া বাংলাদেশের জন্য অনভিপ্রেত। এ ধরনের তৎপরতা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক কোনো দৃষ্টান্ত স্থাপন করবে না বলেও তিনি মত দেন।
সাক্ষাৎকারে বাংলাদেশ-ভারত সম্পর্ক, সাম্প্রতিক টানাপোড়েন এবং অন্তর্বর্তী সরকারের অবস্থানসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন তৌহিদ হোসেন। তিনি বলেন, কিছু ভুল বোঝাবুঝি কিংবা অস্বস্তি থাকলেও ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক স্বার্থের কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা উভয় দেশের জন্যই জরুরি।
২০২৪ সালের জুলাই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই মূলত ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে দূরত্ব তৈরি হয়। এ সময় সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, সীমান্ত পরিস্থিতির অবনতি এবং কূটনৈতিক পর্যায়ে পাল্টাপাল্টি পদক্ষেপ দেখা যায়। এমনকি বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের প্রত্যাহারের সিদ্ধান্তও নেয় ভারত সরকার।
এই প্রেক্ষাপটেই বিবিসি ইন্ডিয়াকে দেওয়া প্রায় ১০ মিনিটের সাক্ষাৎকারে শেখ হাসিনার ভারতে অবস্থান, আসন্ন জাতীয় নির্বাচন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বিস্তারিত কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
সংখ্যালঘুদের নিরাপত্তা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত প্রতিটি ঘটনার বিষয়ে অন্তর্বর্তী সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং জড়িতদের গ্রেপ্তার নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ভারতেও সংখ্যালঘু ইস্যু রয়েছে, কিন্তু সে বিষয়ে বাংলাদেশ সরকার কখনো মন্তব্য করে না। সুতরাং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়েও ভারতের একই নীতি অনুসরণ করা উচিত।






আপনার মতামত লিখুন