তারেক রহমান
একটি দল নির্বাচনের আগেই ঠকাচ্ছে: পরে কি হবে বুঝে নিয়েন
নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের আগেই যদি তারা মানুষকে ঠকায়, তাহলে ভোটের পরে কী করবে তা সহজেই অনুমান করা যায়। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ধর্মীয় বিশ্বাসকে ব্যবহার করে মুসলমানদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি।
সমাবেশে বক্তব্যের একপর্যায়ে তারেক রহমান উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন করেন—কারা ওমরা বা হজ আদায় করেছেন। এ সময় একাধিক ব্যক্তি হাত তুললে একজনকে মঞ্চে ডেকে আনা হয়। তারেক রহমান ওই ব্যক্তিকে প্রশ্ন করেন, কাবা শরীফের মালিক কে? উত্তরে তিনি বলেন, আল্লাহ। এরপর পৃথিবী, সূর্য, নক্ষত্র এবং জান্নাত-জাহান্নাতের মালিক কে—এমন প্রশ্নে একই উত্তর দেন ওই ব্যক্তি।
এরপর তারেক রহমান বলেন, আপনারাই সাক্ষ্য দিলেন—সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। তাহলে যেটার মালিক আল্লাহ, সেটা কি কোনো মানুষ দেওয়ার ক্ষমতা রাখে? তিনি প্রশ্ন তোলেন, নির্বাচনের আগে কেউ যদি এমন কিছুর প্রতিশ্রুতি দেয়, যার মালিকানা মানুষের হাতে নয়, তাহলে সেটি কি মানুষকে বিভ্রান্ত করা নয়?
বিএনপির চেয়ারম্যান বলেন, যার মালিক আল্লাহ, সেই বিষয়ে মানুষের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া মানে মানুষকে ভুল পথে পরিচালিত করা। তিনি অভিযোগ করেন, এতে শুধু প্রতারণাই নয়, ধর্মীয় দিক থেকেও মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।
বক্তব্যের আরেক অংশে তারেক রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করে বলেন, লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। সেই সময়ে কিছু গোষ্ঠীর ভূমিকার কারণে দেশের মানুষ ব্যাপক ক্ষতির শিকার হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, মিথ্যা ও হঠকারিতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশকে স্বৈরাচারমুক্ত করার পর এখন মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে হবে।






আপনার মতামত লিখুন