পুলিশের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরিস্থিতি একপর্যায়ে সহিংস হয়ে উঠলে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী আইডিয়াল কলেজের দিকে অগ্রসর হলে পুলিশ সায়েন্স ল্যাব মোড়ে তাদের বাধা দেয়।
শিক্ষার্থীদের অভিযোগ, গত দুই দিনে ঢাকা কলেজের অন্তত সাতজন শিক্ষার্থী হামলার শিকার হয়েছেন। তারা দাবি করেন, আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী ‘চায়নিজ কুড়াল’সহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এসব ঘটনার প্রতিবাদেই আজ তারা রাস্তায় নামেন।
পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এর জবাবে শিক্ষার্থীরাও ইট-পাটকেল ছোড়েন।
বর্তমানে এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। সরেজমিনে দেখা গেছে, মিরপুর রোডের নিউমার্কেট অংশে উত্তেজনা বিরাজ করছে এবং সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। একই সঙ্গে নিউমার্কেট থেকে মিরপুরমুখী সড়কেও যান চলাচল বন্ধ আছে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ৯ নভেম্বর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে একাধিক সংঘর্ষের পর পুলিশ ও কলেজ প্রশাসনের উপস্থিতিতে একটি মৌখিক ‘শান্তিচুক্তি’ হয়। সে সময় উভয় পক্ষ ফুল ও মিষ্টি বিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে সহিংসতায় না জড়ানোর অঙ্গীকার করেছিল। তবে এক মাস না যেতেই সেই সমঝোতা ভেঙে ফের সংঘর্ষের ঘটনা ঘটল।






আপনার মতামত লিখুন