সিলেটে বিএনপির নির্বাচনি সমাবেশে ইলিয়াস আলীর ছবি হাতে নেতাকর্মীরা
গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে স্মরণ করে আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায়। বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে ইলিয়াস আলীর ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার হাতে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হন।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে আসা নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করেন। মিছিলগুলোতে ইলিয়াস আলীর নামে স্লোগান ধ্বনিত হয়। কেউ তার গুমের বিচার দাবি করেন, আবার কেউ তাকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।
দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এদিকে মাঠের বাইরে সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনকে কেন্দ্র করেও আলাদা চিত্র দেখা যায়। এই আসনে গুম হওয়া ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদির লুনা ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। তাকে সমর্থন জানিয়ে ব্যানার ও পোস্টার নিয়ে নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।
বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা থেকে আগত মিছিলগুলো মাঠে প্রবেশের সময় ইলিয়াস আলীর নামে স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। মিছিলে অংশ নেওয়া ছাত্রদল নেতা জসিম বলেন, ইলিয়াস আলী শুধু সিলেটের নয়, তিনি জাতীয় পর্যায়ের একজন নেতা ছিলেন। তার জনপ্রিয়তায় আতঙ্কিত হয়ে তৎকালীন সরকার তাকে গুম করেছে বলে অভিযোগ করেন তিনি।
বিশ্বনাথ উপজেলা থেকে আসা প্রবীণ বিএনপি নেতা আমজাদ হোসেন বলেন, ‘২০০৮ সালের নির্বাচনের সময় ইলিয়াস আলীই খালেদা জিয়াকে সিলেটে নিয়ে এসেছিলেন। আজ খালেদা জিয়া নেই, আমাদের নেতা ইলিয়াস আলীও নেই—দুজনই রাজনৈতিক নির্যাতনের শিকার।’
উল্লেখ্য, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী এলাকা থেকে গাড়িচালকসহ নিখোঁজ হন। বিএনপির অভিযোগ, তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে গুম করেছে।
সিলেট বিএনপির নেতারা জানান, ২০১১ সালে ভারতের টিপাইমুখে বাঁধ নির্মাণের বিরুদ্ধে ইলিয়াস আলীর নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন ছিল এই অঞ্চলের ইতিহাসে অন্যতম শক্তিশালী গণআন্দোলন। গুমের ১৩ বছর পেরিয়ে গেলেও রাজনৈতিক আন্দোলন, নির্বাচন কিংবা গণসমাবেশ এলেই ইলিয়াস আলী সিলেটের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে চলে আসেন।






আপনার মতামত লিখুন