নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত
ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাকের নিচে চাপা পড়ে এক বাইসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে শহরমুখী লিংক রোডের চাঁদমারি এলাকার ট্যাক্সিস্ট্যান্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে নিহত যুবকের নাম সুমন চন্দ্র। তিনি স্থানীয় ফেয়ার অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।






আপনার মতামত লিখুন