কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট
ঢাবির স্নাতক ভর্তি পরীক্ষার তিন শাখায় প্রথম হলেন যারা
রাফি, শাহারিয়ার ও রেহান । ছবি স্বদেশ বাংলা সম্পাদিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা–সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত ফল অনুযায়ী, মানবিক শাখায় প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ শাহারিয়ার শিমুল। তিনি মধুপুর শহীদ স্মৃতি হাইয়ার সেকেন্ডারি স্কুল থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছেন। বিজ্ঞান শাখায় প্রথম হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী রিফাত আল রাফি এবং বাণিজ্য শাখায় শীর্ষস্থান অর্জন করেছেন রাজশাহী কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আবির আহমেদ রেহান।
ভর্তি দপ্তরের তথ্য অনুযায়ী, মানবিক শাখায় প্রথম হওয়া শাহারিয়ার শিমুল মোট ১০০ নম্বর অর্জন করেছেন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় পেয়েছেন ৮০ নম্বর এবং এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে পেয়েছেন ২০ নম্বর।
বিজ্ঞান শাখার প্রথম রিফাত আল রাফি ভর্তি পরীক্ষায় অর্জন করেছেন ৭৪ নম্বর। এসএসসি ও এইচএসসি জিপিএ থেকে পাওয়া ২০ নম্বর যুক্ত হয়ে তার মোট স্কোর দাঁড়িয়েছে ৯৪।
অন্যদিকে, বাণিজ্য শাখায় প্রথম হওয়া মোহাম্মদ আবির আহমেদ রেহানের মোট প্রাপ্ত নম্বর ৮৮ দশমিক ৭৫। তিনি ভর্তি পরীক্ষায় পেয়েছেন ৬৮ দশমিক ৭৫ নম্বর এবং একাডেমিক ফলাফলের ভিত্তিতে পেয়েছেন ২০ নম্বর।
ঢাবি কর্তৃপক্ষ জানায়, পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে লগইন করে দেখা যাবে। পাশাপাশি যেকোনো মোবাইল অপারেটর থেকে DU ALS লিখে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।






আপনার মতামত লিখুন