মগবাজারের বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর মগবাজার এলাকায় একটি ভাড়া বাসা থেকে শম্পা আক্তার (২৬) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (১৮ জানুয়ারি) ভোরের দিকে বড় মগবাজারের একটি বাসা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, শম্পা আক্তার তার স্বামী সুমন মিয়ার সঙ্গে বড় মগবাজারের ২৫৬/১ নম্বর আশরাফুল ভিলার সাততলা ভবনের ষষ্ঠ তলায় ভাড়া বাসায় বসবাস করতেন।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজোয়ান বাবু স্বদেশ বাংলাকে জানান, খবর পেয়ে সকালে ওই বাসার একটি কক্ষ থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ওই নারীর দেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সহযোগিতায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






আপনার মতামত লিখুন