বিমান দুর্ঘটনায় সংগীতশিল্পী ইয়েইসন হিমেনেজসহ নিহত ৬
কনসার্টে অংশ নিতে যাওয়ার পথে ব্যক্তিগত বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কলম্বিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী ও গীতিকার ইয়েইসন হিমেনেজ। এ ঘটনায় বিমানে থাকা মোট ছয়জনের সবাই নিহত হয়েছেন।
রোববার (১১ জানুয়ারি) সানফ্রান্সিসকো ক্রোনিকলের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বে এরিয়ায় সাম্প্রতিক কনসার্টের মাধ্যমে যিনি আন্তর্জাতিক পর্যায়ে বেশ পরিচিতি পেয়েছিলেন, সেই ইয়েইসন হিমেনেজের আকস্মিক মৃত্যুতে কলম্বিয়া ও লাতিন আমেরিকার সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
কলম্বিয়ার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, ৩৪ বছর বয়সী এই শিল্পী শনিবার একটি কনসার্টে অংশ নিতে মেডেলিনের উদ্দেশে যাত্রা করেছিলেন। উড্ডয়নের কিছু সময় পর মধ্য কলম্বিয়ার পাইপা ও দুইতামা শহরের মধ্যবর্তী এলাকায় ব্যক্তিগত বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় কেউই বেঁচে যাননি।
ইয়েইসন হিমেনেজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক শোকবার্তায় বলা হয়, গভীর বেদনার সঙ্গে জানানো হচ্ছে—আমরা একজন শিল্পীকে নয়, বরং একজন সন্তান, ভাই, বন্ধু এবং অসংখ্য মানুষের অনুপ্রেরণাকে হারালাম। তার জীবনসংগ্রাম বহু মানুষের স্বপ্নকে শক্তি জুগিয়েছিল।
নিহত অন্যদের মধ্যে রয়েছেন বিমানের পাইলট ক্যাপ্টেন ফের্নান্দো তোরেস এবং যাত্রীরা জেফারসন ওসোরিও, হুয়ান ম্যানুয়েল রোদ্রিগেজ, অস্কার মারিন ও ওয়েইসম্যান মোরা। ওয়েইসম্যান মোরা দীর্ঘদিন ধরে হিমেনেজের সঙ্গে কাজ করা তার ব্যক্তিগত আলোকচিত্রী ছিলেন।
সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ জানতে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
ইয়েইসন অরল্যান্ডো হিমেনেজ গালেয়ানো নামে জন্ম নেওয়া এই শিল্পী কলম্বিয়ার জনপ্রিয় ‘মুসিকা পপুলার’ ধারার অন্যতম প্রধান মুখ ছিলেন। মেক্সিকান র্যাঞ্চেরা ও কলম্বীয় লোকসংগীতের মিশ্রণে গড়ে ওঠা এই ধারায় তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ২০২৪ সালে তিনি বোগোটার মুভিস্টার অ্যারেনায় টানা তিনটি সোল্ডআউট কনসার্ট করেন।
উল্লেখযোগ্যভাবে, মৃত্যুর কয়েক সপ্তাহ আগে এক সাক্ষাৎকারে তিনি একাধিকবার বিমান দুর্ঘটনা সংক্রান্ত দুঃস্বপ্ন দেখার কথা জানিয়েছিলেন। এমনকি ওই একই বিমানে আগে একবার জরুরি অবতরণের অভিজ্ঞতার কথাও তিনি প্রকাশ করেছিলেন, যা তার ভক্তদের মধ্যে এখন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।






আপনার মতামত লিখুন