কুমিল্লায় অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে হত্যা
কুমিল্লার বুড়িচং উপজেলায় সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। ব্যবহৃত ডায়াপার ফেলা নিয়ে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় দুই সন্তানের জননী ও অন্তঃসত্ত্বা এক নারী প্রাণ হারিয়েছেন। একই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১১ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে বুড়িচং পৌরসভার জগতপুর নাগরবাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নারী ফাহিমা আক্তার (২৫)। তিনি দেবিদ্বার উপজেলার ছুটনা গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী এবং জাহাঙ্গীর আলমের কন্যা। ফাহিমা দুই সন্তানের মা ছিলেন এবং গর্ভবতী অবস্থায় এক সপ্তাহ আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রোববার দুপুরে বাড়ির আঙিনায় শিশুদের ব্যবহৃত ডায়াপার ফেলা নিয়ে ফাহিমার সঙ্গে তার চাচাতো ভাই সাইদ সিয়ামের কথাকাটাকাটি হয়। পরে ফাহিমা গোসলের উদ্দেশ্যে ঘরে গেলে সাইদ সিয়াম কয়েকজন সহযোগী নিয়ে ধারালো অস্ত্রসহ তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে তাকে মারাত্মকভাবে আহত করা হয়।
ফাহিমার চিৎকার শুনে স্বজনরা এগিয়ে এলে হামলাকারীরা তার চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন ও বোনের জামাই শাহজালালকেও কুপিয়ে আহত করে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফাহিমা আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্য তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। এলাকায় পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন রয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।






আপনার মতামত লিখুন