পাবনার দুইটি আসনের নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা জেলার দুটি সংসদীয় আসনের নির্বাচন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা নির্ধারণসংক্রান্ত আইনি জটিলতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে ইসি। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জাতীয় সংসদের আসনসীমা নিয়ে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব আসনে ভোট আয়োজন সম্ভব নয়।
ইসি জানায়, নির্বাচন এলাকা ৬৮ (পাবনা-১) ও ৬৯ (পাবনা-২) আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত একটি মামলা বর্তমানে বিচারাধীন থাকায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত থাকবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের এক স্মারক সূত্রে জানা গেছে, সীমানা নির্ধারণ বিষয়ক সিএমপি নং ১১০৫/২০২৫ মামলায় গত ৫ জানুয়ারি আপিল বিভাগ যে আদেশ দিয়েছেন, তার আলোকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।






আপনার মতামত লিখুন