নওগাঁ-৪ আসন
আচরণবিধি ভঙ্গের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নওগাঁ-৪ (মান্দা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুর রাকিবের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নওগাঁ-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং নওগাঁর সিভিল জজ আদালত (আত্রাই) এর বিচারক মো. শিমুল সরকার এ নোটিশ জারি করেন।
নোটিশে বলা হয়, অভিযোগের বিষয়ে আগামী ১৫ জানুয়ারি নির্ধারিত সময়ের মধ্যে কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে প্রার্থী মো. আব্দুর রাকিবকে। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি একটি খেলার অনুষ্ঠানে উপস্থিত হয়ে জনসম্মুখে ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে তিনি প্রকাশ্যে টাকা বিতরণ করেন। একই অনুষ্ঠানে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেন বলেও অভিযোগ আনা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জামায়াতের এক কর্মীর মাধ্যমে প্রচার করা হয়।
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির মতে, এসব কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৪ ও বিধি ১৮ লঙ্ঘনের শামিল।
নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে, কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না কিংবা অভিযোগ আমলে নিয়ে বিচারিক কার্যক্রম শুরু করা হবে না— সে বিষয়ে আগামী ১৫ জানুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে নওগাঁর সিভিল জজ আদালতের বিচারক মো. শিমুল সরকারের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে হবে।
এ বিষয়ে জামায়াত প্রার্থী মো. আব্দুর রাকিব গণমাধ্যমকে বলেন, তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো শোকজ নোটিশ হাতে পাননি। খেলার অনুষ্ঠানে টাকা বিতরণ বা দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার কোনো ঘটনা তার স্মরণে নেই বলেও দাবি করেন তিনি। নোটিশ পেলে আদালতে হাজির হয়ে যথাযথ ব্যাখ্যা দেবেন বলে জানান।
উল্লেখ্য, এর আগে গত বুধবার (৭ জানুয়ারি) একই আসনের বিএনপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ নোটিশ দেওয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, নির্ধারিত সময়ের আগেই ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালানো।






আপনার মতামত লিখুন