ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশে পর্যটক ভিসা কার্যক্রম সীমিত
ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশে পর্যটক ভিসা ইস্যু কার্যক্রম সীমিত করা হয়েছে। ভারতের একাধিক শহরে অবস্থিত বাংলাদেশের উপদূতাবাস ও মিশনে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি জানায়, কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসগুলোতে পর্যটক ভিসা প্রদান আপাতত সীমিত রাখা হয়েছে। এর আগে নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাস এবং আগরতলায় অবস্থিত অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন থেকেও ভিসা ইস্যু কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।
বর্তমানে ভারতের গুয়াহাটিতে থাকা বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন থেকেই সীমিত আকারে ভারতীয় নাগরিকদের ভিসা প্রদান করা হচ্ছে বলে জানা গেছে।
যদিও এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, তবে সংশ্লিষ্ট উপদূতাবাস সূত্র নিশ্চিত করেছে যে বুধবার থেকে পর্যটক ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছে। কর্মকর্তারা জানান, পর্যটক ভিসার ক্ষেত্রে এই সীমাবদ্ধতা থাকলেও বাণিজ্যিক ভিসা ও অন্যান্য ক্যাটাগরির ভিসা কার্যক্রম চালু রয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অবস্থিত চারটি ভারতীয় ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে কয়েকদিনের জন্য ভারত সব ধরনের ভিসা কার্যক্রম স্থগিত রাখে।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, পরবর্তীতে ভিসা সেন্টারগুলো পুনরায় চালু হলেও ভারত সরকার বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা প্রদান বন্ধ রাখে। বর্তমানে কেবল মেডিকেল ভিসা ও জরুরি প্রয়োজনের ক্ষেত্রে সীমিত ভিসা ইস্যু করা হচ্ছে।






আপনার মতামত লিখুন