মুছাব্বির হত্যা
দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: মির্জা ফখরুল
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসনের পতনের পর একটি চক্র পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে ওত পেতে থাকা ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে, যা দেশের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ।
বিএনপি মহাসচিব আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করতেই এমন নৃশংস ও লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। তাই এসব অপরাধী ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হাতে দমন ছাড়া কোনো বিকল্প নেই।
বিবৃতিতে তিনি আজিজুর রহমান মুসাব্বির হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি নিহতের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।






আপনার মতামত লিখুন