বিড়াল বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল মোটরসাইকেল: প্রাণ গেল যুবকের
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাজমুল হক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রাস্তার ওপর হঠাৎ উঠে আসা একটি বিড়ালকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার যাদবপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজমুল হক আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামের বাসিন্দা এবং মৃত আইনাল মন্ডলের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নাজমুল হক দুপুরে মোটরসাইকেলযোগে নিজ গ্রাম কেশবপুর থেকে আলমডাঙ্গা শহরের দিকে যাচ্ছিলেন। যাদবপুর মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ একটি বিড়াল সড়কের মাঝখানে চলে আসে। প্রাণীটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তিনি মোটরসাইকেলের ভারসাম্য হারান এবং পিচঢালা সড়কে ছিটকে পড়েন।
দুর্ঘটনায় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।






আপনার মতামত লিখুন