রাজনৈতিক প্রতিহিংসায় শরীফ ওসমান হা’দিকে হ’ত্যা করা হয়: ডিবি প্রধান
মঙ্গলবার (৬ জানুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে হাদি হত্যা মামলার চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করেন ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শরীফ ওসমান হাদি ছিলেন আলোচিত ও পরিচিত একটি নাম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি দেশের রাজনৈতিক ধারায় ভিন্ন একটি অবস্থান তুলে ধরেন। নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অতীত কর্মকাণ্ড নিয়ে তিনি নিয়মিত সভা-সমাবেশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা করতেন। এতে ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়।
ডিবি প্রধান আরও জানান, হাদিকে গুলি করেন ফয়সাল করিম মাসুদ, যিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এছাড়া ফয়সাল ও আলমগীরকে পালাতে সহায়তা করেন তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী, যিনি পল্লবী থানা যুবলীগের সভাপতি এবং ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর ছিলেন।
তদন্তে অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় এবং নিহত হাদির পূর্ববর্তী রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ড বিশ্লেষণ করে ডিবি নিশ্চিত হয়েছে, এই হত্যাকাণ্ডের পেছনে সুস্পষ্ট রাজনৈতিক প্রতিহিংসা কাজ করেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে যাওয়ার সময় হামলার শিকার হন শরীফ ওসমান হাদি। সে সময় তিনি একটি রিকশায় ছিলেন। পেছন থেকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্তের একজন তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার মাথায় বিদ্ধ হয়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন পর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।






আপনার মতামত লিখুন