জকসু নির্বাচনে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়ার আশা প্রধান নির্বাচন কমিশনারের
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান। তার প্রত্যাশা অনুযায়ী, এবারের নির্বাচনে প্রায় ৬৫ শতাংশ ভোট কাস্টিং হতে পারে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য। সব ভোটকেন্দ্রের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ শেষে বিস্তারিত চিত্র স্পষ্ট হবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আকারে তুলনামূলক ছোট এবং এটি প্রথমবারের মতো জকসু নির্বাচন হওয়ায় কিছু সীমিত সমস্যার মুখে পড়তে হয়েছে। তবে ক্যাম্পাসের ভেতরে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, ক্যাম্পাসের বাইরে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন সন্তুষ্ট।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ১৬ হাজারেরও বেশি শিক্ষার্থী ভোটার হিসেবে অংশ নেওয়ার সুযোগ পান।






আপনার মতামত লিখুন