জকসু নির্বাচনে নিরপেক্ষ থাকার আহ্বান শিক্ষক সমিতির
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট কার্যক্রমকে ঘিরে সকল পক্ষকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রইচ উদ্দিন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “কেউ জিতবে, কেউ হারবে—এটাই গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া। তবে ভোটগ্রহণে যুক্ত যারা, তারা যেন কোনো পক্ষের হয়ে না দাঁড়ান।”
শিক্ষার্থীদের পক্ষ থেকে ওঠা অভিযোগ প্রসঙ্গে অধ্যাপক রইচ উদ্দিন বলেন, “আমরাও শিক্ষার্থীদের অভিযোগগুলো পর্যবেক্ষণ করছি এবং আশা করি প্রশাসন বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখবে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
তিনি আরও উল্লেখ করেন, “ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কিছু জটলা দেখা যাচ্ছে, তবে আমরা আশাবাদী, তা কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করবে না।”
দীর্ঘ ২০ বছরের অচলায়তনের পর আজ অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন-২০২৫। ১৬ হাজারের বেশি শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।






আপনার মতামত লিখুন