মার্কিন আদালতে সব অভিযোগ অস্বীকার মাদুরোর
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে হাজির হয়ে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। সোমবার (৫ জানুয়ারি) নিউইয়র্কে বিচারক অ্যালভিন হেলারস্টাইনের আদালতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। একই অবস্থান নেন তার স্ত্রী ও দেশটির ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস।
শুনানিকালে আদালত তাদের কনস্যুলার সহায়তার অধিকার সম্পর্কে অবহিত করলে দুজনই কনস্যুলার সাক্ষাতের আবেদন জানান। তবে এই পর্যায়ে তারা কেউই জামিন চাননি বলে জানা গেছে।
মার্কিন প্রসিকিউশন মাদুরোর বিরুদ্ধে চারটি গুরুতর অভিযোগ এনেছে, যার মধ্যে রয়েছে তথাকথিত ‘মাদক-সন্ত্রাসী’ ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ। অভিযোগে বলা হয়েছে, তিনি রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করে যুক্তরাষ্ট্রে মাদক পাচারে সহযোগিতা করেছেন।
গত শনিবার রাতে পরিচালিত এক মার্কিন অভিযানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে আসা হয়। বর্তমানে তারা ব্রুকলিনের একটি ফেডারেল ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন।
আদালতে দেওয়া বক্তব্যে মাদুরো বলেন, তাকে জোরপূর্বক ধরে আনা হয়েছে এবং এটি একটি অপহরণের শামিল। বিচারক পরবর্তী শুনানির তারিখ আগামী ১৭ মার্চ নির্ধারণ করেছেন।






আপনার মতামত লিখুন