ভেনেজুয়েলায় বিস্ফোরণের পর মাদুরো দম্পতিকে আটকের দাবি ট্রাম্পের
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে—এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩ জানুয়ারি) গভীর রাতে দেশটির বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতির অবনতি হওয়ায় এরপরই ভেনেজুয়েলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন মাদুরো।
এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ব্যাপক সামরিক অভিযানের পর মাদুরো ও তার স্ত্রীকে আটক করে ভেনেজুয়েলার বাইরে নিয়ে যাওয়া হয়েছে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, “যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা এবং দেশটির নেতৃত্বের বিরুদ্ধে একটি বড় ধরনের অভিযান পরিচালনা করেছে। ওই অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে স্থানান্তর করা হয়েছে।”
তিনি আরও বলেন, এই অভিযান যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বয়ে পরিচালিত হয়েছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে। এ বিষয়ে স্থানীয় সময় সকাল ১১টায় মার-এ-লাগোতে সংবাদ সম্মেলনের কথাও জানান ট্রাম্প।
এদিকে ভেনেজুয়েলার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এই দাবির সত্যতা নিশ্চিত বা অস্বীকার করা হয়নি। আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।






আপনার মতামত লিখুন