খালেদা জিয়ার জানাযায় নিহিত বিএনপির ভবিষ্যত- মুহাম্মদ জাভেদ হাকিম

প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ / জীবন বাংলাদেশ আমার মরন বাংলাদেশ। এই গানের কথা গুলো প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেলো। তিনি বলতেন এই দেশ ছাড়া আমার আর কোথাও ঠিকানা নেই। বাংলাদেশই আমার ঠিকানা।
তিনি মরে গিয়েও সেটা প্রমাণ করে গেলেন আপামর জনসাধারণের ভালোবাসায় সিক্ত হয়ে। দীর্ঘ প্রায় ১৮ বছর যাবত তার দল বিএনপি ক্ষমতায় নেই। বিগত ওয়ান এলিভেন ও স্বৈরাচার সরকার নানান ভাবে অপমান অপদস্ত করেছে। জনগণের কাছে তাকে ব্যার্থ প্রধানমন্ত্রী,দুর্নীতিবাজ, লুটেরা হিসেবে চিহ্নিত করতে গিয়ে- তার চরিত্রে কালিমা লেপনের জন্য ছিলো মরিয়া। এমন কি তার পরিবারের সদস্যদেরকেও মহা দুর্নীতিবাজ রুপে প্রকাশ করতে ছাড় দেয়নি। একের পর এক মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়া,তার পরিবার সহ দলের নেতাকর্মীদেরও করেছে নাজেহাল।
স্বৈরাচারের আজ্ঞাবহ গণমাধ্যম গুলোর হলুদ সাংবাদিকদের দিনের একটা অধিকাংশ সময়ই কাটতো বেগম জিয়া ও বিএনপিকে জনবিচ্ছিন্ন করার অশুভ পায়তারা। বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমানের উপর হলো অমানুষিক নির্যাতন। করলো দেশ ছাড়া। বিএনপি চেয়াপারসনকে দলীয় পোগ্রামে যেতে বাধা। বাড়ির সামনে বালুর ট্রাক দিয়ে ব্লক। এমনকি ক্যান্টনমেন্টের ৪০ বছরের বসত ভিটা হতে, এককাপড়ে বের করে দেয়া হলো তিন তিনবারের নির্বাচিত সাবেক একজন প্রধানমন্ত্রীকে। ছোট ছেলে আরাফাত রহমান কোকো স্বৈরশাসকের চক্রান্তে প্রাণ হারালেন। এরপর বন্দী করা হলো বেগম জিয়াকে।
অসুস্থ বেগম জিয়ার যথাযথ চিকিৎসা পর্যন্ত নেই। ছেলের বউ, নাতিন সহ পরিবারের কাউকে কাছে পাওয়ার অধিকারটুকুনও খর্ব করা হলো। মানসিকভাবে চরমভাবে বিপর্যস্ত করার জন্য বন্দি খালেদা জিয়াকে রাখা হলো নাজিমুদ্দিন রোডের পরিত্যাক্ত কারাগারে। কিন্তু এত কিছুর পরেও তার মনোবল ভাঙ্গতে পারলো না দেশের ইতিহাসে আসা কুখ্যাত আওয়ামী সরকার। ইতোমধ্যে দেশের মানুষ স্বৈরশাসকের অত্যাচার, নির্যাতন, পরতে পরতে দুর্নীতির বেড়াজাল সহ জনগণের বাক স্বাধীনতা কেড়ে নেয়ার প্রতিবাদে বিএনপি তীব্র আন্দোলন গড়ে তুললো।
এদের সঙ্গে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোও যুগপৎ কর্মসূচি দিতে শুরু করলো। কিন্তু নাহ। এতে স্বৈরাচার আরো বেশি দমন পীড়ন বাড়িয়ে দিলো। গায়েবি মামলা, হামলায় বিভিন্ন রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মীদের ঘর ছাড়া করলো। জীবন দিতে হলো বহু নেতাকর্মীদের। কিন্তু নাহ। পাশবর্তী রাষ্ট্রের মদদপুষ্ট হওয়ায় কিছুইতে কিছু করা যাচ্ছে না। থামছেই না তাদের অত্যাচার। কারণ এদের মাঝে ছিলো না নুন্যতম দেশপ্রেম। জনতার প্রতি ভালোবাসা।
জনগণের নিরাপত্তার জন্য গড়া পুলিশ বাহিনীর অসৎ কর্মকর্তাদের যোগসাজশে, এই বাহিনীকে নিজেদের দলীয় বাহিনী বানিয়ে ফেললো। স্বৈরাচারের বিরুদ্ধে মিটিং মিছিল হলেই সরাসরি গুলি। এ যেনো আরেক হানাদার বাহিনী। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আমজনতাও দিশেহারা হয়ে পড়লো। আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও জনগণের বিরুদ্ধে বর্গীদের ভূমিকায় অবতীর্ণ হলো। সব কিছুরইত একটা শেষ আছে। সেই ধারাবাহিকতায় এলো এক মাহেন্দ্রক্ষণ। দলমত নির্বিশেষে ছাত্রজনতা, বাড়ির ছোট বড় শিশু কিশোর, এমনকি গৃহবধূ, মা,বোনরাও স্বৈরাচার পতন আন্দোলনে ঝাপিয়ে পড়লো। এক কথায় দেশের স্বসর্বস্তরের মানুষের অংশগ্রহণে গড়ে উঠা আন্দোলনের তীব্রতায়, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরম ভাত, তরকারী ফেলে রেখেই পাশবর্তী রাষ্ট্রে পালিয়ে যায়।
স্বৈরশাসনের অবসানের মানসিকতা নিয়ে গণভবনমুখি আমজনতা, স্বৈরশাসক শেখ হাসিনাকে চরম প্রতিরোধের নেশায় যখন টালমাটাল।মিছিলে মিছিলে রাজপথ উত্তাল। ঠিক তখনি দেশবিদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হতে থাকে শেখ হাসিনা পালিয়ে গেছে। মূহুর্তেই মানুষ বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠে। যারা ঘরে ছিলো তারাও বিজয় মিছিলে সামিল হতে রাজপথে নেমে আসে। সে এক অভূতপূর্ব দৃশ্য।
এতোক্ষণ যা লিখছি তা একপ্রকার চর্বীতচর্বন।ব্যক্তিগতভাবে আমি নিজেও তা পছন্দ করি না। কিন্তু কলামে অনিচ্ছাসত্ত্বেও টেনে এনেছি, আমরা যেনো জুলাই যোদ্ধাদের ভুলে না যাই। এই দেশ বারংবার স্বৈরাচারের কবলে কুক্ষিগত, ক্ষত-বিক্ষত হওয়ার পেছনে অন্যতম কারণ, আমরা সুসময়ে ভুলে যাই অতিত ইতিহাস। ৪৭, ৭১,৯০ ও ২৪ এসবই আমাদের অবিচ্ছেদ্য ইতিহাস। এবার আসি মূল কথায়। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পালানোর পর অন্তর্বর্তী সরকার বিভিন্ন ভুয়া রাজনৈতিক মামলায় বন্দি,আসামি ও পলাতকদের তালিকা ধরে আইনি পক্রিয়ায় তাদের জামিন,খালাস,এবং মুক্তির তালিকায় যাদের নাম লিপিবদ্ধ করা হয়।
সেই তালিকায় থাকা সবচেয়ে বেশি নির্যাতিত সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া মুক্তি লাভ করলো। সেই সঙ্গে আদালতে তার মামলাগুলো ভূয়া প্রমাণিত হলো। এর সুত্র কিন্তু জুলাই আন্দোলন। তা অস্বীকার করার সুযোগ নেই। যাইহোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পুরো পরিবারের উপর যে জুলুম নির্যাতন করা হয়েছে তা এক জঘন্যতম নৃশংস বিরল ঘটনা। এতো এতো নির্যাতন কারাভোগ বেগম জিয়াকে করতে হত না,যদি সে স্বৈরাচারের সঙ্গে আতাত করতো। ব্যক্তি স্বার্থের দিকে তাকালে হয়ত ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে হারাতে হত না। শেষ বয়সে এসে পরিবারপরিজন ছাড়া একাকী পড়ে থাকতে হত না। কারাগারেও যেতে হত না। চাইলেই বিদেশে আরাম আয়েশের জীবন বেছে নিতে পারতেন। কি নিদারুন কষ্টে,বিনা চিকিৎসায় কারাভোগ করলেন। তবুও আধিপত্য বিরোধী লড়াই হতে চুল পরিমাণও নড়লেন না।
আধিপত্যর বিরুদ্ধে আমৃত্যু লড়াই চালানোর দেয়া ঘোষণা হতে সরে আসলেন না। এতে স্বৈরাচার সরকার আরো বেশি ক্ষিপ্ত হয়ে, তাকে উন্নত চিকিৎসা হতে বঞ্চিত করলো। তবুও গণতন্ত্র পুনঃউদ্ধার করতে বেগম খালেদা জিয়া অবিচল থাকলেন। ব্যক্তির চেয়ে দল বড়,দলের চেয়ে দেশ বড়। এটা আপোষহীন নেত্রী খলেদা জিয়া মনে প্রাণে ধারণ করতেন। সত্যি বলতে এই মহীয়সী নেত্রীর স্মৃতিচারণ করতে হলে চর্বীতচর্বন হবেই। দেশের প্রতি তার এই প্রেম, বেগম জিয়াকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
নুন্যতম দেশের প্রতি যাদের ভালোবাসা রয়েছে,সেইসব মানুষগুলোর মনের মণিকোঠায় বেগম খালেদা জিয়া স্থান করে নিতে পেরেছে। দল মত ছাপিয়ে সর্বস্তরের মানুষের দেশনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। ঠিক এই কারণেই তার মৃত্যুর পর দেশের মানুষ শোকাহত হয়েছে। জানাযায় লাখলাখ লোকের সমাগম হয়েছে। রাষ্ট্রীয় ভাবে ছুটি ও শোক দিবস পালিত হয়েছে। এসব কিছুই দেশের প্রতি তার অসামান্য অবদানের ফলশ্রুতিতে যথাযথ সম্মাননা প্রদান। দেশপ্রেমিকরা ইতিহাসের পাতায় থাকে উজ্জ্বল হয়ে।আর সুবিধা বাদীরা থাকে নিকৃষ্ট রুপে।
বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাযার দৃশ্যই বলে দেয়, তার স্থান ইতিহাসের পাতায় কীভাবে রচিত হবে। জানাযায় যারা বিভিন্ন কারণে শরিক হতে পারেন নাই,তারা ছিলেন মর্মাহত। আর যারা অংশ নিতে পেরেছিলেন,তারা হয়েছেন আপ্লুত। আন্তর্জাতিক গণমাধ্যম গুলোও জানাযায় লোক সমাগমে বিস্মিত হয়েছেন। রাষ্ট্রের গণ্যমান্য আলেমসমাজও জানাযায় অংশ নিয়েছেন। এককথায় দলমত নির্বিশেষে সব শ্রেনী পেশা তথা সাধারণ জনগণ অংশ নিয়েছিলো। ঠিক এই জায়গাটা হতেই বিএনপি আবারো বেশ শক্তপোক্ত ভাবেই ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে।
বিশেষ করে জানাযা পূর্বে তারেক রহমানের মাত্র ৬০ সেকেন্ডের বক্তব্য। এতো বেশি সংক্ষিপ্ত বক্তব্য, তবুও আগতদের হৃদয় হরণ করে নিয়েছে। এখন তিনি যদি চাটুকার হতে দূরে থেকে এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারেন,তাহলে নিশ্চিত বিএনপি ত্রোয়দশ জাতীয় নির্বাচনে খুবই ভালো ফলাফল ঘরে তুলতে পারবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশ প্রেমের মূল্যায়ন,জনগন এতকাল বেগম জিয়ার মাধ্যমে বিএনপিকে করেছে। এবার বেগম জিয়ার অবিসংবাদিত মানসিকতার মূল্যায়ন তারেক জিয়ার দ্বারা বিএনপিকে করবে। জানাযার চিত্রই এরকমটা বলে দেয়। জানাযায় মানুষ তখনি স্বতঃফুর্তভাবে অংশ গ্রহণ করে,যখন সেই মৃত ব্যক্তিটি মানুষের অন্তরে ভালোবাসার দৃষ্টিকোণ হতে – কোননা কোন ভাবে ঠাই পেয়ে থাকেন।
এখন তারেক জিয়ার সামনে বড় চ্যালেঞ্জ তিনি কীভাবে,৫ আগস্ট পরবর্তী নানাভাবে প্রশ্নবিদ্ধ বিএনপিকে সামনে এগিয়ে নিবেন। এমনিতেই দিন শেষে এই দেশের বৃহদাংশ ভোটারদের আস্থার জায়গা বিএনপি। তাই বলে দাম্ভিকতার সুযোগ নেই। মানুষ এখন ঘুরে দাঁড়াতে শিখে গেছে। যেই জাতি মরতে জানে,সেই জাতিকে কোন অসুর শক্তি দাবিয়ে রাখতে পারে না। আসন্ন ত্রোয়দশ নির্বাচনে যারাই সরকার গঠন করবে,তাদেরকে মাথায় রাখতে হবে সবার আগে দেশ প্রেম, আধিপত্যের কড়া বিরোধীতা সহ নাগরিকদের অধিকারের প্রতি সচেতন। এই দেশের মসনদ আবারো যদি কোন স্বৈরশাসক কুক্ষিগত করার চেষ্টা করলে, তাহলে সেটার রূপ হতে পারে চরম ভয়াবহ। এবারের জুলাই আন্দোলনে যে ভুলের কারণে বিপ্লবের পূর্ণতা পায়নি,তা কিন্তু আবারো হলে পুরোপুরিভাবে সফল বিপ্লবেই রুপান্তর হবে।
সামনে আর কখনো কোন অন্তর্বর্তী সরকার, পতিত স্বৈরশাসক দ্বারা নিযুক্ত কারো কাছে শপথ নিবে না। স্বৈরাচারের কোন দোসরকেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে রাখা হবে না। সুতরাং রাজনীতিবিদদেরকেও সেটা মাথায় রাখতে হবে। নয়তো শেখ হাসিনা পালানোর সুযোগ পেয়েছিলো। আগামীতে হয়ত সেই সুযোগটাও পাবে না। আন্দোলনের তীব্রতায় ধুয়েমুছে যাবে স্বৈরাচারী শাসকগোষ্ঠী সহ তাদের নিযুক্ত সকল দোসর। রচিত হবে নতুন সংবিধান। যেনো এই সংবিধানের দোহাই তুলে বর্তমান রাষ্ট্রপতির মত, ভবিষ্যতে আর কাউকে বহাল না রাখতে হয়। মূলত দেশ মতার জানাযার মাঝেই নিহিত রয়েছে বিএনপির ভবিষ্যৎ। সেই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল গুলোরও শেখার আছে,কীভাবে দেশ প্রেমে উদ্ভুদ্ধ হতে হয়।
পরিশেষে আবারো লিখতে হয়, মহীয়সী নেত্রী, দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাযায় দলীয় নেতাকর্মীর চেয়েও বেশি অংশ গ্রহণ করেছিলো দেশের একেবারে সাধারণ জনগণ। তাতে এটাই প্রমাণ করে, পলাতক স্বৈরাচারের মিথ্যা প্রপাগান্ডার বেড়াজাল দেশনেত্রীকে বিন্দুমাত্র জনবিচ্ছিন্ন করতে পারে নাই। এই জাতী আধিপত্যের ঘোরতর বিরোধী। যা বেগম খালেদা জিয়া আমৃত্যু ধারণ করেছেন। সুতরাং তার পথেই বিএনপিকে আগাতে হবে। বিশেষ করে তারেক রহমানকে জনগণের কাছে, সেটাই প্রমাণ করার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।
লেখকঃ মুহাম্মদ জাভেদ হাকিম, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক।
[মতামত কলামে প্রকাশিত লেখা লেখকের একান্ত নিজস্ব। দৈনিক স্বদেশ বাংলার সম্পাদকীয় নীতির সাথে এর মিল নাও থাকতে পারে। মতামতের স্বাধীনতার অংশ হিসেবে লেখকের লেখা অবিকৃত অবস্থায় প্রকাশ করা হয়। তাই এর জন্য পত্রিকা কর্তৃপক্ষের কোনও দায় নেই।]






আপনার মতামত লিখুন