এনসিপি থেকে সরে দাঁড়ালেন মাহফুজা খাতুন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মাহফুজা খাতুন। তিনি চৌহালী উপজেলা বিএনপির বহিষ্কৃত আহ্বায়ক এবং চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে পরিচিত।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২৪ ডিসেম্বর এনসিপির সিরাজগঞ্জ জেলা কমিটির প্রধান সমন্বয়কারীর কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। যদিও তখন বিষয়টি প্রকাশ্যে আসেনি, রোববার (৪ জানুয়ারি) বিষয়টি গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসে।
এর আগে, গত ১৭ ডিসেম্বর এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের অনুমোদনে ৮৬ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত ওই কমিটিতে বিএনপি ও গণঅধিকার পরিষদের সাবেক অন্তত দুই ডজন নেতাকে অন্তর্ভুক্ত করা হয়।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মাহফুজা খাতুন বলেন, তাকে না জানিয়ে এনসিপিতে পদ দেওয়া হয়েছিল। পরে বিষয়টি জানতে পেরে তিনি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হন। তার ভাষায়, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে অতীতে যুক্ত ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
বিএনপি থেকে বহিষ্কারের প্রসঙ্গে তিনি বলেন, তার বিরুদ্ধে নেওয়া বহিষ্কার সিদ্ধান্ত অবৈধ ছিল বলে তিনি মনে করেন। তবে এসবের পরও জীবনের শেষ দিন পর্যন্ত নিঃস্বার্থভাবে বিএনপির আদর্শ ও পতাকার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে চান বলে জানান তিনি।






আপনার মতামত লিখুন