খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসছেন। পাকিস্তান হাইকমিশন সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) তিনি বাংলাদেশে পৌঁছাবেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানায়, খালেদা জিয়ার শেষকৃত্যে অংশ নেওয়াই তার এই সফরের মূল উদ্দেশ্য।
এদিকে, খালেদা জিয়ার ইন্তেকালে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন গভীর শোক প্রকাশ করেছে। মঙ্গলবার এসব সংস্থা ও মিশন তাদের নিজ নিজ সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা ও সমবেদনা জানায়।
সরকারের পক্ষ থেকে সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি থাকবে।
এর আগে মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভার সিরোসিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।






আপনার মতামত লিখুন