সার্বিক মূলধন বাড়লেও শীর্ষ দশের বছরে কমেছে ২১ হাজার কোটি টাকার মূলধন
দেশের পুঁজিবাজারে বড় মূলধনি কোম্পানিগুলোর শেয়ারে টানা দরপতনের প্রভাব স্পষ্টভাবে পড়েছে সামগ্রিক বাজারে। চলতি বছরে বাজার মূলধন বিবেচনায় শীর্ষ ১০ কোম্পানির সম্মিলিত মূলধন কমেছে ২১ হাজার কোটি টাকারও বেশি। ফলে পুরো বছরজুড়ে সূচক ও লেনদেন ছিল নিম্নমুখী।
ডিএসইর তথ্য অনুযায়ী, রোববার (২৯ ডিসেম্বর) পর্যন্ত তালিকাভুক্ত সব কোম্পানির মোট বাজার মূলধন যৌথভাবে বেড়েছে ৫ হাজার ৩৩৯ কোটি টাকা। তবে একই সময়ে শীর্ষ ১০ কোম্পানির বাজার মূলধন কমেছে ২১ হাজার ২৩১ কোটি টাকা, যা বাজারের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
চলতি বছর শেষে বাজার মূলধনে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টির মূলধন কমেছে এবং বেড়েছে মাত্র ৩টির। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে টেলিযোগাযোগ খাতের গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটির বাজার মূলধন এক বছরে কমেছে ৮ হাজার ৪৮০ কোটি টাকা। গত বছরের শেষে যেখানে এর বাজার মূলধন ছিল ৪৩ হাজার ৬২৮ কোটি টাকা, সেখানে চলতি বছরের ২৮ ডিসেম্বর তা নেমে এসেছে ৩৫ হাজার ১৪৮ কোটি টাকায়।
খাদ্য ও ভোগ্যপণ্য খাতের ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বাজার মূলধন কমেছে ৬ হাজার ৫৩৯ কোটি টাকা। একই সময়ে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের বাজার মূলধন কমেছে ২ হাজার ২৯২ কোটি টাকা।
ওষুধ খাতের স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বাজার মূলধন কমেছে ১ হাজার ৬৫৮ কোটি টাকা। এছাড়া বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের বাজার মূলধন হ্রাস পেয়েছে ১ হাজার ৬২৪ কোটি টাকা।
বিদ্যুৎ খাতের ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির বাজার মূলধন কমেছে ৪৮১ কোটি টাকা এবং রবি আজিয়াটার বাজার মূলধন কমেছে ১৫৭ কোটি টাকা।
অন্যদিকে, চলতি বছরে কিছু কোম্পানি বাজার মূলধন বাড়াতে সক্ষম হয়েছে। ব্র্যাক ব্যাংকের বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ১৫০ কোটি টাকা। ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বাজার মূলধন বেড়েছে ১ হাজার ১৮৯ কোটি টাকা। আর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের বাজার মূলধন সামান্য বৃদ্ধি পেয়ে ১০ হাজার ৩৮৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, বড় মূলধনি কোম্পানিগুলোর দরপতনের কারণেই সারাবছর পুঁজিবাজারে কাঙ্ক্ষিত গতি ফিরেনি।






আপনার মতামত লিখুন