জামায়াতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হলো এলডিপি ও এনসিপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলের রাজনৈতিক জোটে নতুন করে আরও দুটি দল যুক্ত হয়েছে। নবাগত দল দুটি হলো কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই জোট সম্প্রসারণের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানান, সমমনা রাজনৈতিক শক্তিগুলোর ঐক্য আরও শক্তিশালী করতে এলডিপি ও এনসিপি আনুষ্ঠানিকভাবে জোটে যুক্ত হয়েছে। তিনি বলেন, গণতন্ত্র, জাতীয় স্বার্থ ও ন্যায়ের রাজনীতিকে সামনে রেখে এই রাজনৈতিক সমন্বয় গড়ে তোলা হচ্ছে।
তবে সংবাদ সম্মেলনে এনসিপির কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এ বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, এনসিপি তাদের অবস্থান ও সিদ্ধান্ত সম্পর্কে আলাদাভাবে গণমাধ্যমকে অবহিত করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, খেলাফত মজলিশের নেতা আহমদ আব্দুল বাছেত, জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সঞ্চালনায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নেতারা জানান, নতুন এই রাজনৈতিক সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যৎ আন্দোলন ও নির্বাচনী কৌশল আরও সুসংহত করা হবে।






আপনার মতামত লিখুন