তারেক রহমানের পক্ষে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে তিনি দলের প্রতিষ্ঠাতা ও বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাভারের পথে যাত্রা শুরু করেন।
নিয়ম অনুযায়ী জাতীয় স্মৃতিসৌধে সূর্যাস্তের আগেই শ্রদ্ধা নিবেদন করতে হয়। সে কারণে বিকেল ৫টা ৬ মিনিটে তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির শীর্ষ নেতারা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর রায়, ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবরসহ কেন্দ্রীয় ও ঢাকা জেলা নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদনের কার্যক্রমে আরও অংশ নেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিএনপি মিডিয়া সেল জানায়, তারেক রহমানের আগমনকে ঘিরে সরকারের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্মৃতিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে এবং সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। জেলা পুলিশের এক হাজারের বেশি সদস্য নিরাপত্তা নিশ্চিত করেন। পাশাপাশি আশপাশের এলাকায় সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রিত রাখা হয়।






আপনার মতামত লিখুন