ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি ও বাড়তি নিরাপত্তা নিশ্চিত করবে ইসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্ভাব্যতা অনুযায়ী এসব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং ইন্টারনেট সংযুক্ত বডি ক্যামেরার মাধ্যমে লাইভ পর্যবেক্ষণের ব্যবস্থা করা হবে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে জানানো হয়, ভোটকেন্দ্র, নির্বাচনী সামগ্রী, ভোটার, প্রার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রস্তুত থাকবে।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং সব রাজনৈতিক দল ও প্রার্থী সমান সুযোগ পান, সে বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
পরিপত্র অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় লিড মন্ত্রণালয় হিসেবে নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করবে। সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করা হবে।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে কেন্দ্রভিত্তিক স্থায়ী মোতায়েন, অস্থায়ী ও স্থায়ী চেকপোস্ট, মোবাইল টহল, আভিযানিক দল এবং স্ট্রাইকিং ফোর্স সক্রিয় থাকবে। এছাড়া নির্বাচন শুরুর চার দিন আগে থেকে ভোটের পর দুই দিন পর্যন্ত আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল পূর্ণাঙ্গভাবে কাজ করবে।
গুজব, অপতথ্য ও অবৈধ অস্ত্রের ব্যবহার রোধে বিশেষ অভিযান চালানোর কথাও জানিয়েছে ইসি। ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা, সিসিটিভি নজরদারি এবং বডি ক্যামেরার লাইভ ফিড কমিশনের সমন্বয় সেলে প্রদর্শন করা হবে।
এর আগে গত ২৩ অক্টোবর নির্বাচন কমিশনের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সভায় পুলিশের বিশেষ শাখা জানায়, দেশের মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ২৮ হাজার ৬৬৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। এর মধ্যে ৮ হাজার ২২৬টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ এবং ২০ হাজার ৪৩৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়।
ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২০ জানুয়ারি এবং নির্বাচনী প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।






আপনার মতামত লিখুন