শাপলাকলি প্রতীকে নতুন রাজনৈতিক সমীকরণ গড়তে মাঠে নামছে এনসিপি
ভোটের মাঠে পেশিশক্তি ও অর্থনির্ভর রাজনীতির প্রচলিত ধারা ভাঙার অঙ্গীকার নিয়ে ‘শাপলাকলি’ প্রতীককে সামনে রেখে নতুন রাজনৈতিক বাস্তবতার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, তারা শুধু জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির কর্মীদের নয়, বরং বড় রাজনৈতিক দলগুলোর অবহেলিত অথচ জনভিত্তিসম্পন্ন নেতাদের নিয়েও একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চায়।
নির্বাচন কমিশনের আচরণবিধি ও ব্যয় সংক্রান্ত নীতিমালা কঠোরভাবে অনুসরণের ঘোষণা দিয়ে এনসিপি জানিয়েছে, কোনো প্রার্থী অনৈতিক বা বেআইনি কর্মকাণ্ডে জড়িত প্রমাণিত হলে তিনি দলের মনোনীত হলেও—মনোনয়ন বাতিল করতে তারা পিছপা হবে না।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি দ্বিতীয় ও তৃতীয় ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করতে যাচ্ছে। প্রথম ধাপে ১২৫ জন প্রার্থীর নাম চূড়ান্ত করার পর পরবর্তী ধাপে নতুন চমক দিতে প্রস্তুত দলটি।
এনসিপির পরিকল্পনা অনুযায়ী, নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে এক হাজার ৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। প্রতিটি আসনে গড়ে প্রায় পাঁচজন করে প্রার্থী মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। একই সঙ্গে একটি রাজনৈতিক জোট গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে।
দলটি জানিয়েছে, বিএনপি ও জামায়াতের বিদ্রোহী এবং সংস্কারমুখী নেতাদের মধ্য থেকেও যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে যেসব প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতি, বিতর্কিত ভূমিকা বা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠবে, তাদের প্রাথমিক তালিকা থেকেই বাদ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনসিপির দাবি, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনপ্রিয়তা, সামাজিক গ্রহণযোগ্যতা ও মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা—এই তিনটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ভোটারদের আস্থা অর্জন ও দলীয় ভাবমূর্তি সুদৃঢ় করাই তাদের মূল লক্ষ্য।






আপনার মতামত লিখুন