সচিবালয় ভাতা দাবিতে আন্দোলন: ১৪ কর্মচারী সাময়িক বরখাস্ত
সচিবালয়ে ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করা ১৪ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার চার্জশিট আদালত গ্রহণ করায় সরকারি নিয়ম অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে, যা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সূত্র নিশ্চিত করেছে।
বরখাস্তকৃতদের মধ্যে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহসভাপতি শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম রয়েছেন। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের মো. তায়েফুল ইসলাম, বিকাশ চন্দ্র রায়, ইসলামুল হক, মো. মহসিন আলী, রোমান গাজী, আবু বেলাল, তথ্য মন্ত্রণালয়ের মিজানুর রহমান সুমন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কামাল হোসেন ও মোহাম্মদ আলিমুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের বিপুল রানা বিপ্লব এবং মন্ত্রিপরিষদ বিভাগের নাসিরুল হক অন্তর্ভুক্ত।
ঘটনার বিবরণে বলা হয়েছে, গত ১০ ডিসেম্বর বেলা আড়াইটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত কর্মচারীরা সচিবালয়ের দপ্তরে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ রাখেন। আন্দোলন মূলত বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের নেতৃত্বে পরিচালিত হয়।
পরের দিন ফের আন্দোলন অব্যাহত রাখলে নেতৃত্বে থাকা কর্মচারীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে। তাদের ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয় এবং রিমান্ডে পাঠানো হয়।
সরকার তাদের দাবির বিষয়ে আশ্বাস প্রদান করলেও কর্মচারীরা দপ্তর ছাড়েননি, এরপর কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।






আপনার মতামত লিখুন