শ্রমিক রপ্তানির পথে সবচেয়ে বড় বাধা দালাল চক্র: ড. মুহাম্মদ ইউনূস
বিদেশে শ্রমশক্তি পাঠানোর ক্ষেত্রে সবচেয়ে বড় সংকট হিসেবে দালাল চক্রকে চিহ্নিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, গ্রামাঞ্চলে গেলে বোঝা যায় কীভাবে দালালরা সাধারণ মানুষকে সর্বস্বান্ত করে দিচ্ছে।
বুধবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, বিদেশে যাওয়ার প্রসঙ্গ এলেই দালাল নামের একটি শব্দ বারবার সামনে আসে। পরিবারের কেউ বিদেশে যাবে—এই আশায় মানুষ টাকা জোগাড় করে, কারও কাছ থেকে ধার নেয়, আবার কেউ ব্যাংক ঋণ নেয়। অথচ শেষ পর্যন্ত অনেকেই প্রতারণার শিকার হয়। আমরা উপরের দিক থেকে নানা উদ্যোগ নিচ্ছি, কিন্তু সমস্যার গভীরে পৌঁছাতে পারছি না।
তিনি আরও বলেন, বিষয়টি দিনে দিনে আরও জটিল হয়ে উঠছে। এই সমস্যা সমাধানে যে পরিমাণ আন্তরিকতা ও কাঠামোগত উদ্যোগ প্রয়োজন, এখনো তা পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়নি।
প্রধান উপদেষ্টা জানান, দালালচক্রের বিষয়ে তিনি সরকারের দায়িত্ব নেওয়ার আগেও বিভিন্নভাবে অবগত ছিলেন। দীর্ঘদিন ধরেই এটি একটি গুরুতর সামাজিক ও অর্থনৈতিক সমস্যা হিসেবে বিদ্যমান।
তিনি বলেন, বিশ্বজুড়ে তারুণ্যের সংকট বাড়ছে, অথচ বাংলাদেশ তরুণ জনশক্তির এক বিশাল ভাণ্ডার। এই সম্পদ সোনার চেয়েও মূল্যবান। বিশ্বের বিভিন্ন দেশকে আমাদের দিকে তাকাতেই হবে, কারণ এত বিপুল তরুণ শ্রমশক্তি আর কোথাও নেই।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।






আপনার মতামত লিখুন