মহান বিজয় দিবস আজ
আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবময় ও অহংকারের দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সারাদেশে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করা হচ্ছে।
বিজয় দিবসের সূচনা হয়েছে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, কূটনীতিক ও সর্বস্তরের মানুষ শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান।
দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি ভবনসহ বিদেশে বাংলাদেশি মিশনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জা করা হয়েছে। রাজধানী ঢাকাসহ সারাদেশের সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সাজানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও লাল-সবুজ পতাকায়।
উদযাপনের অংশ হিসেবে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে সেনা, নৌ ও বিমানবাহিনীর ফ্লাই-পাস্ট, ব্যান্ড শো এবং বিশেষ প্যারাশুট প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার পতাকাবাহী স্কাইডাইভের মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ পতাকা-প্যারাশুট প্রদর্শনী করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার উদ্যোগ নিয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশজুড়ে তিন দিনব্যাপী বিজয় মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও ক্রীড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে।
রাষ্ট্রপতি বিকেলে বঙ্গভবনে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেবেন। এছাড়া মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানে জেলা-উপজেলা পর্যায়ে নানা আয়োজন রাখা হয়েছে। টেলিভিশন, বেতার ও ডিজিটাল মাধ্যমে মুক্তিযুদ্ধভিত্তিক বিশেষ অনুষ্ঠান প্রচার করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি ও দেশের অগ্রগতি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানে উন্নত খাবার পরিবেশন করা হচ্ছে।






আপনার মতামত লিখুন