জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইঞ্জিনিয়ার ফাহমিদুর রহমান অনি
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের নতুন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার ফাহমিদুর রহমান অনি। রাজধানীর একটি অভিজাত হোটেলে শুক্রবার দিনব্যাপী উৎসবমুখর ও গণতান্ত্রিক পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনের ভোটগ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়।
এই নির্বাচনে দেশের বিভিন্ন লোকাল অর্গানাইজেশনের প্রেসিডেন্ট ও ভোটাধিকারপ্রাপ্ত প্রতিনিধিরা অংশ নেন। ভোট গণনা শেষে বিপুল ব্যবধানে বিজয় অর্জন করে ২০২৬ সালের জন্য ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন ফাহমিদুর রহমান অনি। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবারের নির্বাচনকে একটি শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়ার উদাহরণ হিসেবে তুলে ধরেছে।
এর আগে জেসিআই ঢাকা ইউনাইটেডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ‘আউটস্ট্যান্ডিং লোকাল প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ ও ‘১০০ শতাংশ ইফিসিয়েন্সি অ্যাওয়ার্ড’ অর্জন করেন। পাশাপাশি ‘গ্রিন জেনারেশন’ উদ্যোগের মাধ্যমে যৌথভাবে লাভ করেন ‘বেস্ট প্রজেক্ট অ্যাওয়ার্ড’।
নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় ফাহমিদুর রহমান অনি বলেন, তার অগ্রাধিকার থাকবে লোকাল চ্যাপ্টারকে আরও শক্তিশালী করা, সদস্য সংখ্যা বৃদ্ধি ও ধরে রাখা, নেতৃত্ব বিকাশ, রিপোর্টিং ও ডকুমেন্টেশনের মান উন্নয়ন। পাশাপাশি অঞ্চলভিত্তিক নেতৃত্ব একাডেমি ও প্রশিক্ষণ কর্মশালা, ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব তৈরি, সিনিয়র ও নতুন সদস্যদের মধ্যে মেন্টরশিপ কার্যক্রম জোরদার করাও তার পরিকল্পনার অংশ। একই সঙ্গে জেসিআইয়ের ইমপ্যাক্ট এরিয়া ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর সঙ্গে প্রকল্পগুলোর সমন্বয় এবং লোকাল চ্যাপ্টারগুলোর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হবে।
পেশাগত জীবনে ইঞ্জিনিয়ার ফাহমিদুর রহমান অনি বিদ্যুৎ ও জ্বালানি খাতের ব্যবসা ও প্রকল্প ব্যবস্থাপনায় যুক্ত রয়েছেন। পাশাপাশি তিনি ‘ইউনাইটেড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন সেন্টার (ইউএলসিসি)’ পরিচালনা করছেন, যেখানে দক্ষতা ও ভাষা উন্নয়নে নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে।






আপনার মতামত লিখুন