ওসমান হাদির সর্বশেষ অবস্থা জানালো মেডিকেল বোর্ড
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীর চিকিৎসা নিয়ে সর্বশেষ তথ্য জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
শনিবার (১৩ ডিসেম্বর) দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে মেডিকেল বোর্ড জানায়, গুলিবিদ্ধ হওয়ার ফলে হাদীর মস্তিষ্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর এখন ব্রেন প্রোটেকশন প্রোটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সব ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে।
চিকিৎসকদের পর্যবেক্ষণে আরও উঠে এসেছে, হাদীর ফুসফুসেও আঘাত রয়েছে। চেস্ট ড্রেইন টিউবের মাধ্যমে অল্প পরিমাণ রক্ত বের হচ্ছে, যা আপাতত নিয়ন্ত্রণে আছে। সংক্রমণ ও এআরডিএসের ঝুঁকি এড়াতে ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত রাখা হয়েছে।
এদিকে কিডনির কার্যক্ষমতা আপাতত স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে। তা বজায় রাখতে নির্ধারিত ফ্লুইড ব্যালেন্স মেনে চিকিৎসা চলছে। এর আগে শরীরে রক্তক্ষরণ ও জমাট বাঁধার অসামঞ্জস্যতা দেখা দিলেও বর্তমানে সেটি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।
মেডিকেল বোর্ড জানায়, ব্রেন স্টেম ইনজুরির কারণে হাদীর রক্তচাপ ও হৃদস্পন্দনে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া হচ্ছে এবং জরুরি প্রয়োজনে অস্থায়ী পেসমেকার স্থাপনের জন্য সংশ্লিষ্ট টিম প্রস্তুত রয়েছে।
চিকিৎসা কার্যক্রমে যুক্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক ও সাপোর্ট স্টাফদের মানবিক ও পেশাদার ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে মেডিকেল বোর্ড। একই সঙ্গে তারা জানিয়েছে, রোগীর সার্বিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক।
মেডিকেল বোর্ডের পক্ষ থেকে হাদীর পরিবারকে বিস্তারিত অবহিত করা হয়েছে এবং দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। পাশাপাশি হাসপাতালে অপ্রয়োজনীয় ভিড় এড়াতে এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।






আপনার মতামত লিখুন