গণঅভ্যুত্থান নস্যাতের ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সংঘটিত হামলাকে জুলাই অভ্যুত্থান ভণ্ডুল করার সুপরিকল্পিত চক্রান্ত হিসেবে দেখছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। তারা স্পষ্টভাবে জানিয়েছেন, এ ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে সব রাজনৈতিক শক্তি একসঙ্গে কাজ করবে।
শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা এই ঐক্যের বার্তা দেন।
বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ। জামায়াতের প্রতিনিধিত্ব করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এছাড়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল বৈঠকে অংশ নেন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; এটি একটি গভীর ও সুসংগঠিত ষড়যন্ত্রের অংশ। তার ভাষায়, এর পেছনে শক্তিশালী একটি নেটওয়ার্ক সক্রিয় রয়েছে, যার মূল লক্ষ্য আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করা।
তিনি আরও বলেন, এই হামলার মাধ্যমে ষড়যন্ত্রকারীরা নিজেদের সক্ষমতার প্রদর্শন ঘটাতে চেয়েছে এবং নির্বাচন প্রক্রিয়াকে অকার্যকর করার চেষ্টা করছে। এসব মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর ঐক্য ছাড়া বিকল্প নেই।
বিএনপির সালাহউদ্দিন আহমেদ বলেন, বর্তমান পরিস্থিতিতে পারস্পরিক দোষারোপ বন্ধ রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সম্মিলিতভাবে আওয়াজ তুলতে হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে জোরালো অভিযান চালানো প্রয়োজন।
জামায়াতের নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, সাম্প্রতিক সময়ে একে অপরকে দোষারোপ করার প্রবণতা বাড়ায় বিরোধী শক্তিগুলো সুযোগ নিচ্ছে। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের পর থেকেই একটি গোষ্ঠী সুপরিকল্পিতভাবে এই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। মিডিয়া, প্রশাসন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর বয়ান তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে অভ্যুত্থানকারীদের অপরাধী হিসেবে তুলে ধরার অপচেষ্টা চলছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের নানা উদ্যোগ দৃশ্যমান হচ্ছে, যা ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ। অনৈক্য বজায় থাকলে এর খেসারত সবাইকেই দিতে হবে।
হাসনাত আবদুল্লাহ বলেন, নিজেদের মধ্যে ঐক্য না থাকলে কোনো নিরাপত্তা ব্যবস্থাই কার্যকর হবে না। রাজনৈতিক স্বার্থে কিছু দল এমন অবস্থান নিচ্ছে, যা ষড়যন্ত্রকারীদের সহায়ক হয়ে উঠছে।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সংঘাত বাড়ার সুযোগেই আওয়ামী লীগ আবার শক্তিশালী হয়ে উঠছে। তিনি দলীয় হিসাবের পাশাপাশি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
বৈঠকের শেষ পর্যায়ে প্রধান উপদেষ্টা সবাইকে সংযমী ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনকালীন উত্তেজনা যেন সহনীয় সীমার মধ্যে থাকে এবং রাজনৈতিক বিরোধিতা যেন কখনো শত্রুতায় রূপ না নেয়।






আপনার মতামত লিখুন