হাদিকে দেখতে ঢামেকে যাচ্ছেন মির্জা আব্বাস–রিজভী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার পর তার খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে দলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। বর্তমানে গুলিবিদ্ধ হাদীকে ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
জুলাই ঐক্যের সংগঠক ইস্রাফিল ফরায়েজি বলেন, “হাদী ভাই প্রচারণা চালাচ্ছিলেন। হঠাৎ মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।”
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, “দুপুর আড়াইটার পর তাকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে, অবস্থাও বেশ সংকটজনক।”
এদিকে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, “ঘটনার বিষয়টি আমরা শুনেছি। নিশ্চিত হওয়ার জন্য টিম পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”






আপনার মতামত লিখুন