সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে কে: জানা গেল জরিপে
আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারে কার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি—এ বিষয়ে জাতীয় পর্যায়ে জনমত যাচাই করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকারস কনসাল্টিং লিমিটেড। ‘গুরুত্বপূর্ণ সামাজিক–রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ ২০২৫’ শিরোনামের এই জরিপ প্রথম আলোর উদ্যোগে সম্পন্ন হয়।
জরিপের ফলাফলে দেখা যায়, উত্তরদাতাদের একটি বড় অংশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভবিষ্যৎ সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন। মোট উত্তরদাতার ৪৭ শতাংশের বেশি তারেক রহমানকে এগিয়ে রেখেছেন। এ ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও প্রায় ১৯ শতাংশ সম্ভাব্য প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন। দুটি মিলিয়ে বিএনপির দুই নেতার প্রতি আস্থা ৬৬ শতাংশের ওপরে।
অন্যদিকে প্রায় ২৫ দশমিক ৪ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে পারেন—যদিও তিনি কখনো জাতীয় নির্বাচনে জয়ী হননি।
মাত্র ৭ শতাংশ উত্তরদাতা বলেছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হতে পারেন।
জরিপে আরও উঠে আসে—শূন্য দশমিক ৬ শতাংশ মানুষ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে, আর শূন্য দশমিক ২ শতাংশ জাতীয় পার্টির চেয়ারম্যান জি. এম. কাদেরকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন।
এই জরিপে দেশের পাঁচটি নগর ও পাঁচটি গ্রাম/আধা-শহর মিলিয়ে মোট ১,৩৪২ জন (পুরুষ ৬৭৪, নারী ৬৬৮) অংশ নেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন বয়স, আয় ও পেশার মানুষ। তথ্য সংগ্রহ করা হয় ২১ থেকে ২৮ অক্টোবর। জরিপকারীদের ভাষায়, এটি একটি জাতীয় মতামত জরিপ হলেও নির্দিষ্ট কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব নয়। এতে অংশ নেয়া ব্যক্তিরা নিয়মিত অনলাইন বা প্রিন্ট সংবাদমাধ্যম পড়েন এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনাময় ভোটার।






আপনার মতামত লিখুন