সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা সরকারের আছে:সাখাওয়াত হোসেন
সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে বর্তমান সরকারের কোনো অক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রণালয়ের গত এক বছরের অগ্রগতি ও কার্যক্রম তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, এখন দেশের রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান ও দিকনির্দেশনা নিয়ে অনিশ্চয়তায় আছে। তিনি বলেন, “এ ধরনের পরিস্থিতি নতুন নয়। ওয়ান-ইলেভেনের পরও এমন অবস্থার সৃষ্টি হয়েছিল। দলগুলো এখনো নিজেদের মধ্যে কথা বলছে, বিতর্ক করছে—এটাই আমাদের রাজনৈতিক সংস্কৃতি।”
তার মতে, রাজনৈতিক সংকট তখনই বলা যায়, যখন সরকার একদিকে আর অন্যান্য রাজনৈতিক দল সম্পূর্ণ বিপরীত দিকে অবস্থান নেয়। তিনি বলেন, “আমাদের তো কেউ চাপ দেয়নি যে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন করতেই হবে। সরকারই বলেছে সময়মতো নির্বাচন হবে—এতে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি নেওয়া স্বাভাবিক। এতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।”
আরেক প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, “আমরা যেখানে গেছি সেখানেই বলেছি নির্বাচন নির্ধারিত সময়েই হবে। যখন দায়িত্ব গ্রহণ করি, তখন আমাদের সামনে কোনো বাধ্যবাধকতা ছিল না যে এক-দেড় বছরের মধ্যে ভোট দিতে হবে। তবে দেশে একটি নির্বাচন হওয়া জরুরি, নির্বাচিত সরকার আসা জরুরি।”
তিনি আরও বলেন, “গত ১৭-১৮ বছরে গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী ভিত্তি পেতে দেখিনি। যদি আমরা সেই গণতান্ত্রিক ধারাকে প্রতিষ্ঠিত করতে পারি, সেটাই হবে আমাদের বড় সাফল্য।”






আপনার মতামত লিখুন