শিক্ষকদের দাবি যৌক্তিক: নুরুল হক নুর
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে দাবিদাওয়া আদায়ের একমাত্র উপায় আন্দোলন। বাংলাদেশে এখন পরিস্থিতি এমন যে, বাচ্চা না কানলে যেমন মা দুধ দেয় না, তেমনই আন্দোলন ছাড়া কোনো দাবি আদায় হয় না। এটা সিস্টেম হয়ে গেছে। ভবিষ্যতে থাকবে না।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে গলাচিপা উপজেলার অফিসার্স ক্লাবে গণ অধিকার পরিষদের উপজেলা শাখার আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় গলাচিপা উপজেলার সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নুরুল হক নুর বলেন, বর্তমানে দেশ নন-পলিটিক্যাল সরকারের অধীনে পরিচালিত হলেও বিভিন্ন পেশাজীবী নিজেদের দাবিদাওয়া চাপ সৃষ্টি করে আদায় করে নিচ্ছেন। শিক্ষকরা চাপ সৃষ্টি করলে কেন যৌক্তিক দাবি পূরণ হবে না?”—প্রশ্ন তোলেন তিনি। নুর বলেন, শিক্ষকদের আন্দোলন যৌক্তিক সব আন্দোলনে তাদের পাশেই আমাদের অবস্থান ছিল। আগামীতেও থাকবে।
শিক্ষকদের চলমান আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, এই আন্দোলনকে নেতিবাচকভাবে দেখার কিছু নেই। বরং আন্দোলনে যুক্ত থাকার কারণে যেসব শিক্ষকদের বদলি করা হয়েছে, তার তিনি ব্যক্তিগতভাবে বিরোধিতা করেন। সরকারের প্রতি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শিক্ষকদের দিয়ে আমরা ফার্স্ট ক্লাস নাগরিক তৈরি করতে চাই, অথচ তাদেরই মর্যাদা ও বেতন কাঠামো এখনো সন্তোষজনক নয়। শিক্ষা খাতে বিনিয়োগ কখনো লোকসান নয়, এটা ভবিষ্যতের জন্য বিনিয়োগ।
তিনি শিক্ষকদের চাকরি প্রথম শ্রেণিতে উন্নীত করা এবং সমাজে মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
সভায় সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদের গলাচিপা শাখার আহ্বায়ক আলহাজ হাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সদস্যসচিব মো. জাকির হোসেন মুন্সি, উপাধ্যক্ষ নিরোধ লাল শিকদার, সহকারী শিক্ষক মুক্তা রহমান ফাহিমা, আনোয়ার শিপন, সাংবাদিক প্রতিনিধি মু. খালিদ হোসেন মিলটন, জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মহিবুল্লাহ এনিম ও কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি আবু নাইম প্রমুখ।






আপনার মতামত লিখুন