ঢাবি ভর্তিচ্ছুদের সহযোগিতায় চবিতে ছাত্রশিবিরের সহায়তা ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টা থেকে শুরু হয় এই ভর্তি পরীক্ষা। যা দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলে।
ঢাবি ক্যাম্পাসের পাশাপাশি ঢাকার বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য সহায়তা দিতে পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, ক্যাম্পাসের তিনটি স্থানে তাদের সহায়তা ডেস্ক ও অভিভাবক প্যাভিলিয়ন কেন্দ্র বসানো হয়েছে। এ সময় যাত্রী ছাউনিতে বসে শিক্ষার্থীদের সেবা দিতে দেখা গেছে।
সরেজমিন ঘুরে এবং ইসলামি ছাত্রশিবিরের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, ব্যবসায় প্রশাসন অনুষদ, শহিদ বুদ্ধিজীবী চত্বরে বুথ বসিয়েছে সংগঠনটি। “সকাল ৮টা থেকে আমাদের এই সহায়তা হেলপ ডেস্ক বসানো হয়েছে। আমরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি, মেডিসিন, জরুরি মুহূর্তে বাইক সেবা দিচ্ছি। এটা ছাড়াও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের তিন পয়েন্টে আমাদের সহায়তা বুথ বসানো হয়েছে”, বলেন সহায়তা বুথে অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের আমানত হলের সভাপতি সৈকত হোসেন।
চট্টগ্রাম নগরীর রাউজান এলাকা থেকে মেয়েকে নিয়ে ভর্তি পরীক্ষা দিতে এসেছেন মা শতরুপা ও বাবা দেবাশীষ পাল। মা শতরুপা বলেন, আমাদের মেয়ে প্রথমবার ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে। আমরা চাই সে যেন নিজের মেধা অনুযায়ী পরীক্ষা দিতে পারে। ভীতিকর পরিবেশ বা কোনো ধরনের পক্ষপাতিত্ব যেন না থাকে। বাবা দেবাশীষ পাল বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু সন্তানেরা যেন কোনো ধরনের মানসিক চাপ ছাড়া পরীক্ষা দিতে পারে, এটাই চাই।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মাদ আলি বলেন, আমরা ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সেবা দেওয়ার চেষ্টা করছি। আমরা মূলত প্রচারণার চেয়ে ভর্তিচ্ছুরা যাতে সঠিক তথ্য পান, কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন ও অভিভাবকেরা স্বাচ্ছন্দ্যবোধ করেন সেই ব্যবস্থা করেছি।






আপনার মতামত লিখুন