মেডিকেল বোর্ডের অনুমতি মিললেই ঢাকায় পৌঁছাবে এয়ার অ্যাম্বুলেন্স
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিতে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে তাকে লন্ডনে নিয়ে যাবে—এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।
শনিবার (৬ ডিসেম্বর) তিনি গণমাধ্যমকে বলেন, “মেডিকেল বোর্ড কখন সিদ্ধান্ত দেবে, সেটার অপেক্ষায় আছি। সিদ্ধান্ত পেলেই কাতারের রয়েল অ্যাম্বুলেন্স ঢাকায় এসে ম্যাডামকে লন্ডনে নিয়ে যাবে। সব ব্যবস্থাপনা কাতার কর্তৃপক্ষই করছে।”
তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্স জার্মানির একটি প্রতিষ্ঠানের মাধ্যমে আনা হচ্ছে এবং পুরো বিষয়টি কাতার সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। বিএনপির পক্ষ থেকে শুধু সমন্বয়ের কাজ করা হচ্ছে।
অন্যদিকে, এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া বর্তমানে আগের মতোই সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। মেডিকেল বোর্ড প্রতিদিনই তার ক্রিটিকাল কেয়ার ইউনিটে অবস্থার অগ্রগতি, রিপোর্ট এবং পরীক্ষার ফলাফল পর্যবেক্ষণ করছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি এখনো বিমান ভ্রমণের মতো স্থিতিশীল নন। এই কারণে লন্ডন যাত্রা বিলম্বিত হচ্ছে।
গত দুই দিনে খালেদা জিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং রিপোর্ট বিশ্লেষণ চলছে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ বোর্ড চিকিৎসা দিচ্ছেন। বোর্ডে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। তিনিও লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন শাশুড়ির বিদেশ যাত্রায় সহায়তা করার জন্য।
২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।






আপনার মতামত লিখুন