মুকসুদপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার
গোপালগঞ্জের মুকসুদপুরে তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ ইতি বেগম হত্যা মামলার প্রধান আসামি ও তার স্বামী রাসেল শেখকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র্যাব–৬। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি বিশেষ দল তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে। পরে তাকে মুকসুদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অভিযানে মুকসুদপুর থানার এসআই মোবারক হোসেন গুরুত্বপূর্ণ সহযোগিতা করেন।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, রাসেল গ্রেপ্তার হওয়ায় এই হত্যাকাণ্ডের তদন্ত নতুন অগ্রগতি পেল।
গত ৩০ নভেম্বর সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে বাড়ির পূর্ব পাশের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় ইতি বেগমের মরদেহ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, ইতি বেগম তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং ঘটনাটি যে পরিকল্পিত হত্যা—তার স্পষ্ট ইঙ্গিত মেলে। ঘটনার আগেই ২৬ নভেম্বর স্বামী রাসেল থানায় একটি সাধারণ ডায়েরি করে দাবি করেন, তার স্ত্রী নিখোঁজ। কিন্তু চারদিন পর নিজের বাড়ির পাশের পুকুরেই বস্তাবন্দি লাশ পাওয়ায় সন্দেহ আরও বাড়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকার সাভারে কাজের সুবাদে রাসেল ও জামালপুরের ইতি বেগমের পরিচয় হয় এবং তিন বছর আগে তাদের বিয়ে হয়। হত্যার সময় ইতি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
পুলিশ জানায়, রাসেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলাটি অগ্রাধিকারে রেখে তদন্ত এগিয়ে চলছে।






আপনার মতামত লিখুন