পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় সুমন খলিফা হত্যা মামলায় মূল রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী বাউল শিল্পী সোনিয়া আক্তারসহ মোট ছয়জনকে আটক করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সুমনের স্ত্রী সোনিয়া আক্তার (২২), তার পরকীয়া প্রেমিক মেহেদী হাসান (৪২), মেহেদীর শ্যালক আব্দুর রহমান (২৮), সহযোগী বিল্লাল হোসেন (৫৮), আলমগীর হাওলাদার (৪৫) ও নান্নু মিয়া (৫৫)।
নিহত সুমন খলিফা (৩৫) বরিশালের আগৈলঝড়া উপজেলার বাসিন্দা। তিনি স্ত্রীকে নিয়ে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় থাকতেন।
পুলিশ সুপার জানান, দীর্ঘদিন বেকার থাকার কারণে সংসারে অশান্তি চলছিল। এদিকে বাউলশিল্পী সোনিয়ার একটি অনুষ্ঠানে পরিচয়ের সূত্র ধরে মেহেদীর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়। নিয়মিত ফোনালাপ ও আর্থিক লেনদেনের কারণে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা জানতে পেরে সুমনের সঙ্গে বিরোধ বাড়ে।
পুলিশ জানায়, ৩০ নভেম্বর রাতে একটি গানের অনুষ্ঠানে যাওয়ার পর সুযোগ বুঝে মেহেদী সুমনকে অটোরিকশায় তুলে নিয়ে যায় নরসিংহপুরের একটি নির্জন স্থানে। সেখানে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সুমনের মরদেহ ফেলে যায় তারা। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার তদন্তে স্ত্রী সোনিয়া ও তার প্রেমিক মেহেদীর সংশ্লিষ্টতার প্রমাণ মিললে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে মেহেদী ও তার শ্যালক আদালতে স্বীকারোক্তি দেন। তাদের তথ্যমতে হত্যায় ব্যবহৃত চাপাতি ও সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে। মামলার আরেক আসামি মামুন এখনও পলাতক।






আপনার মতামত লিখুন