ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট উৎসবমুখর পরিবেশে হবে: প্রধান উপদেষ্টা
আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৩ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ আয়োজিত ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ২০২৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দেশকে কৌশলগতভাবে বিশেষ সুযোগ এনে দিয়েছে। একইসঙ্গে তিনি সশস্ত্র বাহিনীর নিরাপত্তা রক্ষা ও দুর্যোগ মোকাবিলায় অবদানের প্রশংসা করেন।
কোর্স শেষ করা সদস্যদের উদ্দেশে ড. ইউনূস বলেন, এনডিসির অর্জিত জ্ঞান জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে দক্ষ নেতৃত্ব তৈরিতে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে উৎকর্ষ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।
এসময় তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
তিনি আরও বলেন, ফেব্রুয়ারির নির্বাচন এবং গণভোট যেন অবাধ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হয়—অন্তর্বর্তী সরকার সে লক্ষ্যেই কাজ করছে।
উল্লেখ্য, এবারের এনডিসি কোর্সে অংশ নেন ৯৬ জন কর্মকর্তা—বাংলাদেশের সামরিক বাহিনীর ৪৯ জন, অসামরিক প্রশাসনের ১৮ জন এবং বিশ্বের বিভিন্ন দেশের ২৯ জন। পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনীর ৫৬ জন কর্মকর্তা এএফডব্লিউসি ২০২৫ সফলভাবে সম্পন্ন করেন।






আপনার মতামত লিখুন