দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান
তারেক রহমানসহ পরিবারের সঙ্গে খালেদা জিয়া। ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, দেশের মানুষের সম্মিলিত সমর্থন ও প্রার্থনাই জিয়া পরিবারের প্রধান শক্তি। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা উল্লেখ করেন।
তারেক রহমান লেখেন, “বিশ্বের বিভিন্ন দেশ থেকে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য যেভাবে শুভেচ্ছা, সহযোগিতা ও দোয়া জানানো হচ্ছে—জিয়া পরিবার এবং বিএনপির পক্ষ থেকে আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
তিনি আরও বলেন, “দেশি–বিদেশি নেতৃবৃন্দ, কূটনীতিক এবং অসংখ্য মানুষের উদ্বেগ ও ভালোবাসা আমাদের মনকে গভীরভাবে ছুঁয়ে যাচ্ছে। দেশবাসীর এই সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের অনুপ্রেরণা।”
তারেক রহমান জানান, মমতাময়ী দেশনেত্রীর সুস্থতার জন্য তারা নিরন্তর দোয়া করছেন এবং এই কঠিন সময়ে মানুষের সহমর্মিতা ও সংহতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন খালেদা জিয়া। ২১ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে ২৩ নভেম্বর দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়া সহ অন্যান্য জটিলতায় আক্রান্ত হওয়ায় তাকে প্রথমে এইচডিইউ এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়।
সোমবার (১ ডিসেম্বর) বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান জানান, খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন এবং চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।






আপনার মতামত লিখুন