তারেক রহমান দেশে ফিরতে চাইলে এক দিনেই ট্রাভেল পাস দেওয়া হবে: পররাষ্ট্র উপদেষ্টা
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসতে চাইলে মাত্র এক দিনের মধ্যেই ট্রাভেল পাস প্রদান করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে ভূমিকা নির্ধারণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
তৌহিদ হোসেন বলেন, তারেক রহমান লন্ডনে কোন ধরনের স্ট্যাটাসে অবস্থান করছেন— সে বিষয়ে সরকারের কাছে আনুষ্ঠানিক তথ্য নেই। তিনি দেশে ফিরতে চাইলে অন্য দেশ বাধা দেবে— এমন সম্ভাবনা খুবই কম।
ভারত-সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে যে পরিবর্তন এসেছে, তা বুঝে নিয়ে ভারতের মানিয়ে নিতে কিছু সময় লাগছে। তবে দুই দেশের কার্যকর যোগাযোগ দ্রুতই স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতে অবস্থান করছেন— এমন খবর দিল্লির হাতে থাকলেও এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য বাংলাদেশকে জানানো হয়নি বলে তিনি জানান। এ বিষয়ে এখনো দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি।
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাকে ফেরত না দিলেও বাংলাদেশ-ভারত সম্পর্ক ব্যাহত হবে না। তিনি দণ্ডিত হওয়ায় বাংলাদেশ দ্রুততম সময়ের মধ্যে তাকে দেশে ফেরত পাওয়ার প্রত্যাশা করছে।






আপনার মতামত লিখুন